তাপস-মুন্নীর করোনা জয়

গানবাংলা টেলিভিশনের চেয়ারপারসন ফারজানা মুন্নী এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কৌশিক হোসেন তাপস এখন করোনামুক্ত।

১৬ জুন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হন এ সেলিব্রিটি দম্পতি। দুই সপ্তাহের আইসোলেশন ও যথাযথ চিকিৎসা শেষে রবিবার আইইডিসিআরের পরীক্ষা ও সোমবার বেসরকারি একটি পরীক্ষার ফলাফলে তারা করোনামুক্ত বলে নিশ্চিত হওয়া গেছে।

এ প্রসঙ্গে সবার প্রার্থনা ও শুভ কামনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাপস বলেন, “সর্বশক্তিমান আল্লাহর কৃপায় আমি ও আমার স্ত্রী ফারজানা মুন্নী একসঙ্গে আনুষ্ঠানিকভাবে করোনামুক্ত। যারা আমাদের সুস্থতার জন্য দোয়া করেছেন এবং নিয়মিত খবর রেখেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষা জানা নেই। আল্লাহ আপনাদের রহমত দান করুক এবং সবাইকে নিরাপদ ও সুস্থ রাখুক। আল্লাহ ভরসা।”

তিনি আরও জানান, পরিপূর্ণ পারিবারিক সমর্থন, সহযোগিতা আর ইতিবাচক পরিবেশই দ্রুত করোনামুক্ত করতে সাহায্য করেছে। বলেন, “আমাদের বড় মেয়ে সর্বোচ্চ চেষ্টা দিয়ে প্রতিরোধ ব্যবস্থা নিয়ে সেবা করার চেষ্টা করেছে, একেবারে আমাদের মায়ের মতো। অন্য দুই রাজকন্যা তাদের ভালোবাসা সঞ্চার করে গেছে, যাতে আমরা মানসিকভাবে দৃঢ় থাকতে পারি এবং ইতিবাচক থেকে সফলভাবে এই যাত্রাটি শেষ করতে পারি।”

বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের এই তারকা-দম্পতি কভিড-১৯ দুর্যোগে মানুষকে উজ্জীবিত করতে নিয়েছেন নানা মাত্রিক উদ্যোগ। তাদের আহ্বানে গান-কথায় জেগে উঠেছেন দেশি-বিদেশি শতাধিক শিল্পী। প্রধানমন্ত্রীর তহবিলে তাপস-মুন্নী দিয়েছেন ৫০ লাখ টাকার অনুদান, উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে দিয়েছেন খাদ্যসহায়তা ও বাংলাদেশ পুলিশের পাশে দাঁড়ান স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী নিয়ে।