পর পর দুবার করোনাভাইরাস টেস্টের ফল নেগেটিভ আসায় ইংল্যান্ড সফরে যেতে আর কোনো বাধা রইল না মোহাম্মদ হাফিজসহ ছয় পাকিস্তান খেলোয়াড়ের। মঙ্গলবার তাদের কভিড-১৯ মুক্তির খবর জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
গত রবিবার ২০ সদস্যের দল নিয়ে ইংল্যান্ডে উড়াল দেয় পাকিস্তান। এই সফরের ক্যাম্পে ছিলেন আরও ১০ জন। কিন্তু তাদের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় মূল দলের সঙ্গে যাওয়া হয়নি।
এদের মধ্যে ছয়জনের পর পর দুটি করোনা টেস্টের ফল নেগেটিভ এসেছে। বাকি চারজনের টেস্টের ফল এখনো পজিটিভ। ইংল্যান্ড সফরে যেতে তাদের আরও অপেক্ষা করতে হবে।
করোনা টেস্টে নেগেটিভ আসা ছয় ক্রিকেটার হলেন- মোহাম্মদ হাফিজ, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ হাসনাইন, শাদাব খান, মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামান।
গত রবিবার ইংল্যান্ডে যাওয়া ২০ সদস্যের দলের সঙ্গে যোগ দেবেন তারা। দলের সঙ্গে রয়েছে ১১ সদস্যের কোচিং স্টাফ।
পিসিবি এক বিবৃতিতে জানায়, সোমবার এই ছয় খেলোয়াড়ের সবার টেস্ট নেগেটিভ আসে। এর আগে ২৬ জুন তাদের প্রথম টেস্টও নেগেটিভ এসেছিল।
দ্বিতীয় টেস্টে যাদের ফল আবার পজিটিভ এসেছিল তারা হলেন- ইমরান খান, কাশিফ ভাট্টি, হায়দার আলি ও হারিস রউফ।
স্বাগতিক ইংল্যান্ডের সঙ্গে আগস্টে তিন ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। এরপর দু’দলের মধ্যকার তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ হবে।
করোনা প্রাদুর্ভাবের মধ্যে ইংল্যান্ডে যাওয়া পাকিস্তান দলের খেলোয়াড়দের অবশ্যই ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে।