‘মেক ইন ইন্ডিয়া’ বলে চীন থেকে আমদানি বাড়াচ্ছে বিজেপি: রাহুল

দেশের অর্থনীতি পুনরুদ্ধারে ‘মেক ইন ইন্ডিয়া’র কথা বলে যাচ্ছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সম্প্রতি লাদাখের গালওয়ান সীমান্তে সংঘাতে জড়িয়ে নিজেদের ২০ সেনাকে হারানোর পর ভারতে চীনা পণ্য বর্জনের ডাক জোরালো হচ্ছে। অথচ বিজেপি সরকারের কথায় আর কাজে কোনো মিল পাচ্ছেন না সাবেক কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

এ ব্যাপারে বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে মঙ্গলবার টুইট করেছেন রাহুল। তাতে লিখেছেন, ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে চীনা পণ্য আমদানি অনেক বাড়িয়েছে সরকার। অথচ মুখে বলছে ‘মেক ইন ইন্ডিয়া’।

চীন থেকে পণ্য আমদানি বিষয়ক কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার ও বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের তুলনামূলক একটি পরিসংখ্যানও টুইটে তুলে ধরেছেন এই কংগ্রেস নেতা।

“তথ্যগুলো মিথ্যা বলে না। বিজেপি বলে, মেক ইন ইন্ডিয়া, আর বিজেপি করে- বাই ফ্রম চায়না।”

রাহুলের টুইট করা ওই গ্রাফিকস তথ্যচিত্রে দেখা যাচ্ছে, বর্তমান বিজেপি সরকারের তুলনায় ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের চীন থেকে পণ্য আমদানি ছিল ১৪ শতাংশেরও কম। বর্তমান সরকার প্রতিবেশী দেশটি থেকে আমদানির পরিমাণ ১৮ শতাংশ বাড়িয়েছে।

তাতে আরও দেখা যাচ্ছে মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন ২০০৮ সালে চীন থেকে ১২ শতাংশ পণ্য আমদানি করেছে ভারত। ২০১২ সালে বেড়ে দাঁড়ায় ১৪ শতাংশ। ২০১৪ সালে এক শতাংশ কমে দাঁড়ায় ১৩ শতাংশ।

পক্ষান্তরে, নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর ১৩ শতাংশ থেকে ২০১৫ সালে চীন থেকে পণ্য আমদানি নিয়ে যায় ১৫ শতাংশে, ২০১৬ সালে দাঁড়ায় ১৬ শতাংশে, ২০১৭ সালে দাঁড়ায় ১৭ শতাংশ এবং ২০১৮ সালে বেড়ে তাড়ায় ১৮ শতাংশ।