লাদাখে বিতর্কিত সীমান্ত এলাকায় চীন ১৮৬টি সেনা চাউনি বসিয়েছে বলে স্যাটেলাইট চিত্র থেকে জানিয়েছে এনডিটিভি।
ভারত দাবি করে প্যাংগং লেক এলাকার সীমান্তের ফিঙ্গার ১ থেকে ফিঙ্গার ৮ পর্যন্ত টহল দেওয়ার অধিকার রয়েছে তাদের। তবে চীনের দাবি ফিঙ্গার ৮ থেকে ফিঙ্গার ৪ পর্যন্ত টহল দেওয়ার অধিকার রয়েছে তাদেরই।
১৫ জুন এই ফিঙ্গার ৪ এলাকাতেই উভয় পক্ষের সেনার মধ্যে সহিংস সংঘর্ষ বাঁধে। চীনা সেনাদের হামলায় নিহত হন ভারতের অন্তত ২০ সেনা এবং এবং আহত হন ৭০ জনেরও বেশি।
এই ঘটনায় সৃষ্ট উত্তেজনা কমাতে দুই পক্ষের মধ্যে আলোচনা অব্যাহত থাকলেও ফিঙ্গার ৪-এ বিপুলসংখ্যক সেনা জমায়েত করেছে চীন। যাতে ভারতীয় সেনারা আর ফিঙ্গার ৮ এর দিক দিয়ে টহল দেওয়ার সুযোগ না পায়।
উপগ্রহ চিত্র থেকে পাওয়া ছবিতে দেখা যাচ্ছে, এই অঞ্চলে চীনা সেনাবাহিনী অনেক বেশি সংখ্যায় মোতায়েন রয়েছে। তারাই ভারতীয় সেনাদের টহল দেওয়া বন্ধ করে দিয়েছে।
যে এলাকাটি চীন ইতিমধ্যেই দখল করার চেষ্টা করছে, উপগ্রহ চিত্রে দেখা গেছে সেখানে কমপক্ষে ১৮৬ টি সেনা ছাউনি, আশ্রয়কেন্দ্র এবং বিভিন্ন আকারের তাঁবু স্থাপন করা হয়েছে।