হলি আর্টিজানে জঙ্গি হামলা: এবার বর্ষপূর্তিতে সাধারণের যেতে মানা

প্রতিবছর জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য গুলশানের হলি আর্টিজান বেকারির সেই বাড়িটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলেও এবার করোনা পরিস্থিতির কারণে তা করা হচ্ছে না।

কেবল বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও সংশ্লিষ্টদের জন্য বাড়িটি বুধবার চতুর্থ বার্ষিকীতে খুলে দেওয়া হবে। বাড়িটির মালিক সাদাত মেহেদী মঙ্গলবার এ কথা জানান।

২০১৬ সালের ১ জুলাই গুলশান-২ নম্বর সেকশনের ৭৯ নম্বর সড়কের ৫ নম্বর বাড়িতে গুলশান লেক লাগোয়া হলি আর্টিজান বেকারিতে সশস্ত্র পাঁচ জঙ্গি অস্ত্রের মুখে দেশি-বিদেশি অতিথিদের জিম্মি করে।

খবর সেখানে ঢুকতে গিয়ে জঙ্গিদের গুলিতে নিহত হন দুই পুলিশ কর্মকর্তা। তারপর আইনশৃঙ্খলা বাহিনীর বেষ্টনির মধ্যে রাতভর চলে তরুণ জঙ্গিদের তাণ্ডব। ভোরে সেনাবাহিনীর কমান্ডো অভিযানে তারা মারা পড়ার পর দেখা যায়, রাতে ১৭ বিদেশিসহ ২০ জনকে গলাকেটে হত্যা করেছে জঙ্গিরা।

এরপর প্রতিবছর ১ জুলাই নিহতদের প্রতি সম্মান জানানোর সুবিধার্থে সর্বসাধারণের জন্য বাড়িটি খুলে দেন মালিক সাদাত মেহেদী। বার্ষিকীতে শত শত দেশি-বিদেশি এই বাড়িতে ভিড় করেন।

সাদাত মেহেদী বলেন, করোনাভাইরাসের কারণে এবার অন্য বছরগুলোর মতো নিহতদের সম্মান জানানোর ব্যবস্থা থাকছে না। মহামারির ঝুঁকি থাকায় বাইরের লোক সমাগমের ব্যবস্থা এবার রাখা যাচ্ছে না। তবে বাংলাদেশে থাকা বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা নিহতদের সম্মান জানাতে পারবেন। কেবল তাদের জন্য এই ব্যবস্থা রাখা হচ্ছে।