করোনা মোকাবিলায় ৮০ কোটি দরিদ্রকে আরও ৫ মাস খাওয়াবে ভারত

ভারতের করোনা পরিস্থিতি অন্য বহু দেশের তুলনায় ভালো জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, এই কঠিন পরিস্থিতিতে গরিবদের খাদ্যসহায়তা আরও পাঁচ মাস বাড়ানো হবে।

প্রধানমন্ত্রী মোদি মঙ্গলবার জাতির উদ্দেশে এক ভাষণে এই ঘোষণা দেন। লাদাখ সীমান্তে সংঘর্ষ ও উত্তেজনার কারণে এই ভাষণ ঘিরে যথেষ্ট জল্পনা সৃষ্টি হয়েছিল। কিন্তু মোদি ১৭ মিনিটের ভাষণে চীন নিয়ে কোনো মন্তব্য করেননি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্পে খাদ্যসহায়তার পরিমাণ আরও পাঁচ মাস বাড়ানো হচ্ছে। এই প্রকল্পে দেশের ৮০ কোটি দরিদ্র মানুষ মাসে মাথাপিছু ৫ কেজি করে চাল অথবা গম ও ১ কেজি করে ডাল বিনা মূল্যে পাচ্ছেন।

তিনি বলেন, সরকার ‘এক দেশ এক রেশন কার্ড’ প্রকল্প দ্রুত চালু করার দিকে এগিয়ে চলেছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে যেকোনো মানুষ দেশের যেকোনো রাজ্যে রেশন তুলতে পারবেন। এতে সবচেয়ে বেশি উপকৃত হবেন পরিযায়ী শ্রমিক ও অন্যরা, যাঁদের কর্মসূত্রে ভিনপ্রদেশে থাকতে হয়।

বুধবার থেকে ভারতে লকডাউন নিষেধাজ্ঞা আরও শিথিল করা হলেও দেশটিতে করোনা সংক্রমণের হার বাড়ছে। প্রধানমন্ত্রী তাই সবাইকে সতর্ক করে বলেন, এই সময়ে দেশে সর্দি-কাশি বেড়ে যায়। ফ্লু দেখা দেয়। তাই সতর্কতা বাড়ানো প্রয়োজন। অথচ ব্যক্তিগত ও সামাজিক ব্যবহারে অনেক শিথিলতা দেখা যাচ্ছে। হাত ধোয়া, দুই গজ দূরত্ব মেনে চলা, মুখোশ পরা, হাতে হাত না মেলানো সেভাবে আর মানা হচ্ছে না। এটা একেবারেই ঠিক নয়।

তিনি বলেন, দেশের আইন সবার জন্য সমান। গ্রামের পঞ্চায়েতপ্রধান বা প্রধানমন্ত্রী সবাইকে নিয়ম কঠোরভাবে মেনে চলতে হবে। আপনারা খবরে হয়তো দেখেছেন, এক দেশের প্রধানমন্ত্রীকে (বুলগেরিয়া) মুখোশ না পরার জন্য ১৩ হাজার রুপি জরিমানা (১৫০ ইউরো) করা হয়েছে।