পটুয়াখালীতে বিএনপি নেতা উপাধ্যক্ষ নুর বাহাদুর মারা গেছেন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বিএনপির কলাপাড়া পৌর শহর শখার সভাপতি উপাধ্যক্ষ নুর বাহাদুর তালুকদার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার দিবাগত রাত একটায় হৃদরোগে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বিকেল ৫টায় তার নামাজে জানাজা শেষে এতিমখানা কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

১৯৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাধারণ ইতিহাস বিভাগে এমএ পাস করে ১৯৭৯ সালে কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজে প্রভাষক হিসেবে যোগদান করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে অবসর গ্রহণ করেন।

১৯৭০ সালে জাগো দলের ছাত্রনেতা হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন তিনি। ১৯৯০ সালে সক্রিয়ভাবে বিএনপির রাজনীতিতে যুক্ত হন।

সর্বশেষ কলাপাড়া পৌর বিএনপির সভাপতি হিসেবে দায়িত্বরত ছিলেন।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন পটুয়াখলী-৪ আসনের সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিব, কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন, কলাপাড়া উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান ও উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষকদলসহ উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন।