আইসিসির চেয়ারম্যান পদ থেকে মনোহরের পদত্যাগ

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসির (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) পরবর্তী চেয়ারম্যান কে হবেন, এই প্রশ্ন সবার মাঝে ঘুরপাক খাচ্ছে বেশ কিছুদিন ধরেই। সংস্থাটির একাধিক বৈঠকের পরও এর উত্তর মিলছিল না। এরই মধ্যে বুধবার চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন শশাঙ্ক মনোহর।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনোহরের সড়ে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। দুই বছর করে মোট দুইবার আইসিসির চেয়ারম্যান পদে ছিলেন মনোহর। সেই মেয়াদ এবার শেষ হল।

বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, পরবর্তী চেয়ারম্যান আসার আগ পর্যন্ত দায়িত্ব সামলাবেন ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা। বুধবারের বোর্ড সভায় এই সিদ্ধান্ত হয়।

আগামী সপ্তাহের মধ্যেই চেয়ারম্যান নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে বলেও নিশ্চিত করে আইসিসি। অর্থাৎ বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ আসনে ফের নতুন কোনো মুখ দেখতে পাওয়া এখন সময়ের অপেক্ষা।