লাদাখে সীমান্ত উত্তেজনা নিরসনে গত দুই মাসে তিনবার বৈঠকে বসে ভারত ও চীন। কোনো বৈঠকেই সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই পক্ষ।
এনডিটিভি জানায়, মঙ্গলবার প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতের চুশুলে তৃতীয়বারের মতো সামরিক পর্যায়ের বৈঠকটিও তেমন একটা ‘ফলপ্রসু’ হয়নি।
বৈঠকে ভারতের পক্ষে প্রতিনিধিত্ব করেন লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিংহ আর চীনের পক্ষে ছিলেন দক্ষিণ জিনজিয়াং সামরিক অঞ্চলের কমান্ডার মেজর জেনারেল লিউ লিন।
বৈঠকে প্যাংগং লেক ও গালওয়ান উপত্যকায় সীমান্ত সমস্যা নিয়ে আলোচনায় একমত হয়নি চীন। ভারত বা চীন কেউই সেনা সরিয়ে নিতে রাজি হয়নি।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, আগামীতে দুই পক্ষের মধ্যে সামরিক ও কূটনৈতিক স্তরে আরও বৈঠকের সম্ভাবনা রয়েছে।
এদিকে ভারত চীনা অ্যাপস নিষিদ্ধ করায় উভয়ের মধ্যে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। এর প্রতিক্রিয়ায় চীন ভারতের সংবাদমাধ্যম ও ওয়েবসাইটগুলো অনলাইনে ব্লক করে দিয়েছে।