ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৯৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে বুধবার। একই দিনে জন্মদিন দেশের অন্যতম অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদের। তিনি ছিলেন ঢাবির ছাত্র। জন্মদিন উপলক্ষে তার পুরোনো বন্ধুদের সঙ্গে হঠাৎ আড্ডার সুযোগ হলো তার বাসাতেই। তারাও ঢাবির পুরোনো ছাত্র। তারাও সবাই বিখ্যাত এবং পরিচিত মুখ। জীবনের একটি সময় তারা কাটিয়েছেন একসঙ্গে। তারপর অনেক সময় পার হয়েছে। কিন্তু এই চারজনের পুরোনো বন্ধুত্ব অটুট রয়েছে আজো।
ওয়াহিদউদ্দিন মাহমুদের জন্মদিনের সেই আড্ডায় উপস্থিত ছিলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতয়ি পার্টির সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং ইতিহাসবিদ আহমেদ কামাল।
এসব জানিয়ে ওয়াহিদউদ্দিন মাহমুদ বুধবার রাতে তার ফেইসবুক পেজে ছবি দিয়ে জানান।
তিনি লেখেন, 'উনিশ শ পঁয়ষট্টি সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার পর সলিমুল্লাহ মুসলিম হলের এক রুমে উঠলাম আমরা চারজন, অনেকটা একই বামপন্থী ছাত্র রাজনীতি করার সুবাদে। এর মধ্যে দুজনের সাথে ঢাকা কলেজের হোস্টেলে থাকার সময় থেকেই আমার বন্ধুত্ব। আমি সে বছর হল সংসদের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হই; পরবর্তীতে তখনকার এনএসএফ নামের আইয়ুবপন্থী ছাত্র সংগঠনের বাহিনী অন্তত দু'বার আমাদের ঘরটিকে আক্রমণ করে তছনছ করে দিয়েছিল। (এর ফলে একবার আমার একটি স্বর্ণপদকও খোয়া গিয়েছিলো বলে ওই ছাত্র সংগঠনের নেতারা দুঃখ প্রকাশ করেছিলো; ক্ষমতাসীন সরকারের মদদপুস্ট হলেও ওইটুকু সৌজন্যবোধ তখন তাদের ছিল।)
তিনি লেখেন, এরপর আমাদের চারজনের জীবনের পথ পরিক্রমা ভিন্ন ভিন্ন দিকে এগিয়েছে। এত বছর পর এই প্রথম বোধহয় শুধু আমরা চারজন এক সঙ্গে বসে আড্ডা দিলাম আমার বাসায় আমার জন্মদিন উপলক্ষে। হয়ত এই অস্বাভাবিক ঘরবন্দি সময়ে কিছুক্ষণের জন্য হলেও অতীতে ফিরে যেতে চেয়েছি'।
এরপর তিনি পরিচয় জানিয়ে লেখেন, বাম দিক থেকে: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ইতিহাসের অধ্যাপক আহমেদ কামাল, আমি, দুজন রাজনীতিবিদ যথাক্রমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।