নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দায়িত্বরত ট্রাফিক পুলিশের কনস্টেবলকে মারধরের অভিযোগে এক বাসচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া চালকের নাম রমজান (৪০)।
গতকাল বুধবার দুপুরে তাকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। মারধরের শিকার কনস্টেবল শাহজাহান মোল্লা সিদ্ধিরগঞ্জ থানায় ওই চালকসহ তিনজনের নামে গতকাল বুধবার মামলা করেন।
মামলা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুরে ঢাকা থেকে নরসিংদীগামী একটি বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকায় রাস্তার মাঝখানে থামিয়ে যাত্রী ওঠানামা করছিল। এ সময় সড়কে যানজট তৈরি হলে দায়িত্বরত ট্রাফিক পুলিশ চালককে বাসটি সরিয়ে নিতে বলেন।
এতে বাসচালক ক্ষিপ্ত হয়ে তার দুই সহকারীকে নিয়ে ওই কনস্টেবলকে মারধর করে। এ সময় লাঠির আঘাতে তার মাথা ফেটে যায়।