গিলিয়াডের সব রেমডেসিভির একাই কিনল যুক্তরাষ্ট্র

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় রেমডেসিভিরের কার্যকারিতা ইতিমধ্যেই প্রমাণিত। যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান গিলিয়াডের তৈরি এ ওষুধটি ট্রাম্প প্রশাসন এত বেশি পরিমাণে কিনেছে যে, আগামী তিন মাসের জন্য এর আর কোনো স্টক অবশিষ্ট নেই। ফলে এ সময়ের মধ্যে বিশ্বের অন্য দেশগুলোর আর এ ওষুধ কেনার সুযোগ থাকছে না। এমনকি যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে পরিচিত ইউরোপীয় দেশগুলোর জন্যও না বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

যুক্তরাষ্ট্রের এমন একতরফা পদক্ষেপে উদ্বেগ জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের আশঙ্কা, ভবিষ্যতে করোনা টিকার সহজলভ্যতার ক্ষেত্রেও এর ব্যাপক প্রভাব পড়বে। ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে দেখিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্রের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরবরাহ নিরাপদ করতে তারা অন্য সব দেশকে উপেক্ষা করতে প্রস্তুত রয়েছে। বিবিসি জানিয়েছে, রেমডেসিভিরের পেটেন্টের মালিকানা শুধু গিলিয়াড সায়ন্সেসের। অর্থাৎ কেবল তাদেরই এই ওষুধ তৈরির অধিকার রয়েছে।