করোনাভাইরাস মহামারী প্রতিরোধে গণমানুষের কাছে সহজলভ্য করার লক্ষ্যে আবিষ্কৃত টিকাকে বৈশ্বিকভাবে সর্বসাধারণের সম্পত্তি হিসেবে ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়েছেন ১৯ জন নোবেলজয়ীসহ বিশ্বের শতাধিক নেতা। একই সঙ্গে ভ্যাকসিন আবিষ্কার হলে তা কীভাবে বিশ্বজুড়ে সর্বসাধারণের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়া যাবে সে ব্যাপারেও কিছু পরামর্শ গতকাল বুধবার এক বিবৃতিতে জানানো হয়েছে। ২০০৬ সালে শান্তিতে বাংলাদেশের নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত ইউনূস সেন্টারের এ আহ্বানে সাড়া দিয়ে তাতে স্বাক্ষর করেছেন ১৯ জন নোবেলজয়ী, ৩২ জন সাবেক সরকার ও রাষ্ট্রপ্রধান, রাজনৈতিক নেতা, শিল্পী, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রধানসহ ১১১ জন বিশিষ্ট আন্তর্জাতিক ব্যক্তি। স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন ড. মুহাম্মদ ইউনূস, ডেসমন্ড টুটু, মিখাইল গর্বাচেভ, মালালা ইউসুফ জাই, বনো, রিচার্ড ব্র্যানসন, লেস ওয়ালেসা, জোডি উইলিয়ামস, মাহাথির মোহাম্মদ, লুলা, জর্জ ক্লুনি, শ্যারন স্টোন, ফরেস্ট উইটেকার, লিমা বুয়ি, মেরি রবিনসন, তাওয়াক্কুল কারমান, রতন টাটা, আজিম প্রেমজি, শাবানা আজমি, অ্যান ইদালগো, টমাস বাখ, আন্দ্রেয়া বোচেলিসহ আরও অনেকে।
বিবৃতিতে বলা হয়েছে, যেকোনো মহামারী পরিষ্কারভাবে একটি দেশের স্বাস্থ্য পরিচর্যা ব্যবস্থার শক্তি ও দুর্বলতাকে উন্মোচিত করে। একই সঙ্গে এ ব্যবস্থায় জনগণের প্রবেশাধিকারের বাধা ও অসমতাগুলো তুলে ধরে।