না.গঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে রোগী ভর্তি শুরু

করোনায় আক্রান্ত রোগী ভর্তি শুরু করেছে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় অবস্থিত ২৫০ শয্যার বেসরকারি হাসপাতাল প্রো-অ্যাকটিভ। এর আগে সংসদ সদস্য শামীম ওসমানের অনুরোধে তারা রোগী ভর্তি করানোর ঘোষণা দেয়। আনুষঙ্গিক সব প্রক্রিয়া শেষে  গত সোমবার থেকে ওই হাসপাতালে রোগী ভর্তি শুরু হয়েছে।

প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের হেড অব অপারেশন ডা. রাশিদুল হুদা দেশ রূপান্তরকে বলেন, সকল আনুষ্ঠানিকতা শেষে সোমবার থেকে আমরা করোনা রোগী ভর্তি শুরু করেছি। রবিবার আমাদের দুজন ডাক্তার, দুজন নার্স ও তিনজন আয়া/ওয়ার্ডবয়কে নারায়ণগঞ্জ সিভিল সার্জন ট্রেনিং দিয়েছেন। এবং আমাদের বলেছেন, নন আইসিইউ বেড যতটুকু সেইটুকু সাপোর্ট দিয়ে যান। পরেরটা আমরা পরে দেখব। তাই আমরা অক্সিজেন লেভেল পর্যন্ত করোনা রোগীর চিকিৎসাসেবাটা শুরু করেছি। কারণ আইসিইউর জন্য যে ভেন্টিলেটর প্রয়োজন তা আমাদের নেই। তবে সরকার থেকে যদি ভেন্টিলেটরের ব্যবস্থা করা হয় সেক্ষেত্রে আমরা আইসিইউ সেবাটা দিতে পারব।

এ বিষয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান দেশ রূপান্তরকে বলেন, প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ আমার অনুরোধে রাজি হয়েছিল তারা করোনা রোগীর চিকিৎসা তাদের হাসপাতালে দেবে। কথামতো তারা রোগী ভর্তি শুরু করেছে। এবং প্রতিদিন কী পরিমাণ রোগী ভর্তি হচ্ছে, তাদের চিকিৎসা কীভাবে হচ্ছে তারা এ তথ্য সিভিল সার্জন, ফোকাল পারসনসহ গোয়েন্দা সংস্থাগুলোর কাছে পাঠাচ্ছে।