স্টার্টআপ ইস্তাম্বুল এক্সিলারেশন ফাইনালে বাংলাদেশের ‘ডেটাফুল’

স্টার্টআপ ইস্তাম্বুল এক্সিলারেশন প্রোগ্রামের ফাইনাল পার করেছে বাংলাদেশের স্টার্টআপ ডেটাফুল। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল ৫৪টি স্টার্টআপ, চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হয়েছিল ৯টি।

স্টার্টআপ ইস্তাম্বুল এক্সিলারেশন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এপ্রিলে। কিন্তু করোনাভাইরাস বাস্তবতার মুখে বাধা পড়ে আয়োজন। পিছিয়ে যায় অক্টোবর পর্যন্ত। এরই মাঝে অনুষ্ঠিত হয় এক্সিলারেশন প্রোগ্রাম।

স্টার্টআপ ইস্তাম্বুল এক্সিলারেশন প্রোগ্রামে ডেটাবিষয়ক আইডিয়া নিয়েই নিজেদের পিচ সাজিয়েছিল প্রতিষ্ঠানটি। ডেটাফুলের প্রকল্প প্রধান পলাশ দত্ত বলেন, ওপেন ডেটাকে একাধিক কাজে ব্যবহারযোগ্য করার জন্য একটি প্ল্যাটফর্মে নিয়ে আসতে চাচ্ছি আমরা। উদাহরণ হিসেবে বলা যায়, বাংলাদেশের এসএসসি পরীক্ষার ফলাফল ওপেন ডেটা। এই ডেটায় সবার প্রবেশাধিকার রয়েছে। কিন্তু গত ২০ বছরের ফলাফলকে একত্রে কাজের জন্য একটি প্ল্যাটফর্মে গুছানো অবস্থায় পাওয়া যায় না। আমাদের দেশের ডেটা ওপেন হলেও এ সমস্যা রয়েছে। আমরা এরই মধ্যে এ রকম সমস্যা সমাধানে কাজ শুরু করেছি।