ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল গর্ভবতী থাকা অবস্থায় রাজপরিবার থেকে সুরক্ষা পাননি বলে জানিয়েছে পিপল ম্যাগাজিন। একই সঙ্গে ওই দিনগুলোতে একটি সংবাদমাধ্যমের বিরুদ্ধে লড়াই করা থেকেও তাকে বিরত থাকার নির্দেশ দেয় পরিবার।
পিপল ম্যাগাজিন আদালত থেকে পাওয়া কয়েকটি নথির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, রাজপরিবারের কারণে মেগান গর্ভবতী থাকার সময় মানসিক অবসাদে ভোগা শুরু করেন।
শ্বশুর বাড়ির পাশাপাশি মেগানের সঙ্গে তার বাবারও সম্পর্ক খারাপ। বাবা থমাস মার্কেলকে ২০১৮ সালের আগস্টে মেগান একটি চিঠি লেখেন। ওই বছর ফেব্রুয়ারিতে সেই চিঠি মেইল অন সানডে এবং তাদের সহযোগী সংবাদমাধ্যম মেইলঅনলাইনে প্রকাশিত হয়। সেখানে মেয়ে-বাবার ঝগড়ার বিষয়টি ফুটে ওঠে। ব্যক্তিগত তথ্য প্রকাশ করার অভিযোগ এনে মেগান ইংল্যান্ডের আদালতে মামলা করেন।
মেগানের দাবি, এ সময় ব্রিটিশ রাজপরিবার থেকে তিনি কোনো সহায়তা পাননি। বরং তাকে আদালতে যেতে নিষেধ করা হয়।
মেগান নথিতে বলেছেন, গর্ভবতী থাকার সময় রাজপরিবারের চিকিৎসকদের থেকে কোনো সুরক্ষা ব্যবস্থা নেয়া হয়নি। এরপর তিনি এবং তার স্বামী প্রিন্স হ্যারি ক্ষোভ প্রকাশ করেন।