করোনা নেগেটিভ হওয়ার পরপরই বিএনপি নেতাকে গ্রেপ্তারের অভিযোগ

খুলনা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবু হোসেন বাবুর করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসার পরপরই তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে এ অভিযোগ জানিয়েছেন। 

বৃহস্পতিবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, নিজেদের ব্যর্থতা আড়াল করার জন্য বিরোধী দলের ওপর এই করোনা কালেও ধারাবাহিক নিপীড়ণ-নির্যাতনের কর্মসূচি অব্যাহত রেখেছে সরকার।

তিনি বলেন, সদ্য সেরে ওঠা করোনা আক্রান্ত রোগীকেও মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করতে দ্বিধা করছে না সরকার। আবু হোসেন বাবু সেই হিংস্র বর্বতারই নির্মম শিকার হলেন। তিনি করোনা আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থেকে গত রাতেই (বুধবার) তার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ হয়।

তিনি বিবৃতিতে বলেন, বিধানা অনুযায়ী তাকে আরো ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার কথা। অথচ সেটি না করে তাকে আজ (বৃহস্পতিবার) সকালেই গ্রেপ্তার করে পুলিশ। এতেই প্রমাণ হয়-কী ভয়াবহ দুঃশাসন চলছে এই দেশে।