অধিকাংশ মানুষেরই করোনা টিকা নেওয়ার প্রয়োজন হবে না বলে মনে করেছেন অক্সফোর্ডের বিশেষজ্ঞ সুনেত্রা গুপ্তা।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মহামারি বিশেষজ্ঞ অধ্যাপিকা সুনেত্রা গুপ্তের দাবি, সাধারণ ফ্লু বা জ্বরের ক্ষেত্রে যতটা ঝুঁকি থাকে, করোনার ক্ষেত্রে একজন সম্পূর্ণ সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষেরও ঠিক ততটাই ঝুঁকি রয়েছে। যারা বয়স্ক বা যাদের আগে থেকেই কোনও বড় রকমের স্বাস্থ্য সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রেই করোনার বিশেষ ঝুঁকি রয়েছে।
ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এর সঙ্গে আলোচনায় অধ্যাপিকা গুপ্ত জানান, যাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা দুর্বল কেবল তাদের ক্ষেত্রে প্রতিষেধক করোনার ঝুঁকি কমানোর সহায়ক হতে পারে।
তিনি বলেন, “তবে অধিকাংশ মানুষেরই ক্ষেত্রেই এই ভাইরাস নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কোনও কারণ নেই।”
তিনি আরও জানান, ইনফ্লুয়েঞ্জার চেয়েও এ ক্ষেত্রে মৃত্যুর হার কম। তাই প্রতিষেধক এসে গেলে খুব সহজেই করোনার মোকাবিলা করা সম্ভব হবে। অধ্যাপিকা গুপ্তর মতে, লকডাউন জারি করে করোনা সংক্রমণ অনেকটাই ঠেকানো সম্ভব হয়েছে। তবে লকডাউন কখনওই করোনা সংক্রমণ ঠেকানোর ক্ষেত্রে দীর্ঘমেয়াদী সমাধান হতে পারে না।