রাজধানীর পৃথক স্থান থেকে তরুণ-তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে লাশ দুটি উদ্ধার করা হয়। তারা হলেনÑ বাড্ডার জহিরুল ইসলাম (২৭) ও ডেমরায় জায়িম সুলতানা (২০)। জায়িম ঢাকা মহানগর কলেজের অনার্স দ্বিতীয় বর্ষে পড়ত। আর জহিরুল একটি বেরসকারি কোম্পানিতে চাকরি করতেন।
জহিরুলের ছোটভাই সাইফুল ইসলাম জানান, জহিরুল একটি কোম্পানিতে সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে চাকরি করতেন। তাদের বাড়ি বরিশালের কোতোয়ালি উপজেলায়। বাড্ডা সাতারকুল রোডের একটি বাড়ির ৫ম তলায় থাকেন তারা। তিনি আরও জানান, সকালে বাথরুমে জহিরুলের প্যান্ট এবং পাশে ঘুমের ট্যাবলেটের খালি খোসা দেখতে পান। পরে রুমে গিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বিভিন্ন কারণে জহিরুল মানসিক দুশ্চিন্তায় ছিলেন। হয়তো এ কারণেই তিনি আত্মহত্যা করেছেন। বাড্ডা থানার এসআই আ. রহমান জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। এদিকে জায়িমের খালা রোকেয়া সুলতানা জানান, গতকাল বেলা ১১টার দিকে ডেমরা মুসলিমনগরের ৭তলা বাসায় সবার অগোচরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেয় জায়িম। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।