সড়কে প্রাণ গেল ৩ জনের

দেশের তিন জেলায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। গত বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে নওগাঁর মহাদেবপুরে ট্রাকচাপায় এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে :

নারায়ণগঞ্জ : সোনারগাঁয়ে রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় বাতেন মিয়া (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ঢাকা বাইপাস সড়কের নয়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাতেন মিয়া বন্দর উপজেলার মদনপুর দক্ষিণপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। কাঁচপুর হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন জানান, বাতেন মিয়ার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

নওগাঁ : মহাদেবপুরে ট্রাকচাপায় এনামুল হক (৪০) নামে এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের হাটচকগৌরী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এনামুল বগুড়ার দুপচাঁচিয়া হারঞ্জা গ্রামের প্রয়াত মাহতাব আলীর ছেলে। তিনি টিএমএসএস এনজিওর নওগাঁ সদরের বলিহার বাজার শাখায় কর্মরত ছিলেন। মহাদেবপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, অফিসের কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন এনামুল। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চুয়াডাঙ্গা : দামুড়হুদায় ট্রলির চাকায় পিষ্ট হয়ে চালক আবদুল মালেক (৫০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বারাদি কামারপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মালেক ওই উপজেলার দর্শনা সরাবাড়িয়া গ্রামের প্রয়াত শামসুল হকের ছেলে।