রাঙ্গামা‌টিতে করোনা উপসর্গ নিয়ে চুয়েট টেকনিশিয়ানের মৃত্যু

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাঙ্গামা‌টির কাপ্তাই‌য়ে অংসুই মারমা (৫৫) না‌মের এক ব‌্যক্তির মৃত্যু হ‌য়ে‌ছে। শুক্রবার ‌ভোর ৩টার দি‌কে নিজবাড়িতে মারা যান তি‌নি।

অংসুই মারমা উপজেলার ৩নং চিৎমরম ইউনিয়নের বামনি বটতলী পাড়ার বাসিন্দা এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ওয়ার্কশ‌পে টেকনিশিয়ান প‌দে কর্মরত ছিলেন।  

তিনি বেশ কিছুদিন ধরে জ্বর এবং কাশিতে ভুগছিলেন ব‌লে প‌রিবা‌রের পক্ষ থে‌কে জানা‌নো হয়। 

কাপ্তাই‌য়ের চিৎমরম ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চিংথোয়াই মারমা জানান, বামনি বটতলী এলাকার অংসুইউ মারমা শুক্রবার ভোর ৩টার দি‌কে ক‌রোনা উপস‌র্গ জ্বর, স‌র্দি ও কা‌শি‌তে আক্রান্ত হ‌য়ে মারা যান।

কাপ্তাই স্বাস্থ্য বিভাগের করোনার ফোকাল পার্সন ডা. ওমর ফারুক রনি জানান, অংসুইউ মারমার ক‌রোনা উপসর্গ নি‌য়ে মৃত্যুর খবর ‌জে‌নে‌ছি। ত‌বে তিনি হাসপাতালে চিকিৎসা নিতে আসেননি।  

তি‌নি ব‌লেন, করোনা উপসর্গ নিয়ে কেউ মারা গে‌লে ৩ ঘণ্টার মধ্যে তার নমুনা নিতে হয়, সেই ক্ষেত্রে ৩ ঘণ্টা পর যেহেতু আমরা খবর পেয়েছি তাই মৃত ব্যক্তির নমুনা নেওয়া সম্ভব হয় নাই।

কাপ্তাই‌য়ের চন্দ্রঘোনা থানার ওসি আশর উ‌দ্দিন জানান, মৃত ব্যক্তিকে যথাযথ স্বাস্হ্যবিধি মেনে সৎকার করা হয়েছে এবং পরিবারের সদস্যদেরকে আইসোলেশনে রাখা হয়েছে।

এদিকে শুক্রবার (৩ জুলাই) চট্টগ্রামের সিভাসু ল‌্যাব হতে আসা রিপোর্টে কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়ন এর ৫৫ বছর বয়সী এক ব্যক্তির করোনা পজিটিভ এসেছে বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে। তিনি গত ২৬ জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। 

অপরদিকে কাপ্তাইয়ে শুক্রবার আরও একজনকে সুস্হ ঘোষণা করে রাঙ্গামাটি সিভিল সার্জন অফিস। এই নিয়ে কাপ্তাইয়ে মোট সুস্হ হলো ২৮ জন এবং আক্রান্ত হয়েছে ৭৫ জন।