সবশেষ চব্বিশ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১৪ হাজার ৬৫০টি নমুনা পরীক্ষা করে ভাইরাসটির সংক্রমণ ধরা পড়েছে ৩ হাজার ১১৪জনের শরীরে।
শুক্রবার সকাল আটটা পর্যন্ত দেশে কভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৯৬৮ জন।
আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার ৩৯১ জন। এর মধ্যে নতুন ১ হাজার ৬০৬ জনসহ মোট সুস্থ হয়েছেন ৬৮ হাজার ৪৮ জন।
সবশেষ তথ্যানুযায়ী, দেশে নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২১.২৬ শতাংশ, শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৬ শতাংশ এবং সুস্থতার হার ৪৩.৫১ শতাংশ।
দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে শুক্রবার দুপুরে এসব তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
চব্বিশ ঘণ্টায় মৃত্যুবরণ করাদের মধ্যে ৩২ জন পুরুষ, ১০ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগের ১৮ জন, চট্টগ্রাম বিভাগের ১০ জন; চারজন রংপুর বিভাগের, রাজশাহী, সিলেট ও খুলনা বিভাগের তিনজন করে এবং একজন বরিশাল বিভাগের।
হাসপাতালে মৃত্যু ৩১ জনের, বাড়িতে মৃত্যু হয়েছে ১১ জনের। বয়স বিশ্লেষণে দেখা যাচ্ছে, সর্বোচ্চ ১১ জন করে মৃত্যু হয়েছে ৫১-৬০ ও ৬১-৭০ বছর বয়সী মানুষের; সাতজন রয়েছেন ৭১-৮০ বছরের মধ্যে, তিনজন করে মৃত্যু হয়েছে ২১-৩০ ও ৮১-৯০ বছর বয়সীদের এবং ১১-২০ বছর বয়সের মধ্যে রয়েছেন একজন।
চব্বিশ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৮৭৭ জনকে, ছাড় পেয়েছেন ৬৮৭ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৫ হাজার ৯৪৭ জন।
এই সময়ে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ২ হাজার ৭১৪ জনকে, ছাড় পেয়েছেন ২ হাজার ৭৬৬ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৬৩ হাজার ৫৫৬ জন।