অমিতাভকে ১ টাকার কয়েন উপহার দিয়েছিলেন সরোজ খান

ইরফান খান, ঋষি কাপুর, সুশান্ত সিং রাজপুতের পর এবার সরোজ খানের মৃত্যু। একের পর এক নক্ষত্র পতনে বিধ্বস্ত বিগ বি টুইটারে লিখলেন, ‘হাতজোড় করে রয়েছি, কিন্তু মন অশান্ত।’ ইনস্টাগ্রাম পোস্টে সরোজ খানের সঙ্গে জড়িয়ে থাকা নানান স্মৃতির কথা তুলে ধরেছেন অমিতাভ বচ্চন। লিখেছেন, সরোজ খানের কাছ থেকে বিশেষ পুরস্কার পাওয়ার কথাও।

অমিতাভ বচ্চন লিখেছেন, ‘তিনি একজন নামী ড্যান্স পরিচালকের সহকারী হিসাবে কাজ করতেন। তখন আমি সবে ক্যারিয়ার শুরু করেছি। ওপি রালহানের ছবি বান্দে হাত। মুমতাজ তখন তারকা। তিনি নতুন একজনের সঙ্গে কাজ করতে সম্মতি দিয়েছিলেন। সেসময় আমি তারকা মুমতাজের কাছে কিছুই ছিলাম না। সরোজজি তখন একগুচ্ছ শিল্পীর ভিড়ে নাচছিলেন। আমি খেয়াল করলাম, তিনি সন্তানসম্ভবা, তবুও নেচে চলেছেন।’

বিগ বি লিখেছেন, ‘সরোজ খান বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিকে একটা নিজস্ব ছন্দ, স্টাইল ও শিল্প উপহার দিয়েছেন। গানের লাইনের সঙ্গে নাচের ভঙ্গি মিলিয়ে সেটিকে তাৎপর্যপূর্ণ করে তুলেছিলেন। যখন তিনি দেখতেন, কোনো শিল্পী ভালো কাজ করছে, তখন তাকে কাছে ডেকে নিতেন। দিতেন এক টাকার কয়েন। এটাই ছিল তার উপহার, পিঠ চাপড়ে দেওয়া। আর আমি বহু বছর কাজ করার পর সরোজজির কাছ থেকে এই উপহার পেয়েছিলাম।

অমিতাভ বচ্চন লিখেছেন, তিনি তার ‘ডন’ ছবির ‘খাইকে খান বানারাস ওয়ালা’ গানের জন্য সরোজ খানের প্রশংসা পেয়েছিলেন। শাহেনশার কথায়, ‘এভাবেই সকলের কাছে সুন্দর স্মৃতি রেখে তিনি চলে গেলেন। আজ তাই মন ভারাক্রান্ত।’

অমিতাভ বচ্চনের পাশাপাশি, সরোজ খানের প্রয়াণে শোক প্রকাশ করেছেন মাধুরী দীক্ষিত, কাজল, শাহরুখ, সালমান, ভূমি পেডনেকর, তাপসী পান্নু সহ আরও অনেকেই।