বিনোদন ইন্ডাস্ট্রিতে স্বজনপ্রীতি বিতর্কের রেশ কিছুতেই যেন থামতে চাইছে না! করণ জোহরের পাশে দাঁড়ানোর জন্য সম্প্রতি স্বরা ভাস্করকে তুলোধনা করেছিলেন কঙ্গনা রানাউত। এবার সেই স্বজনপ্রীতি প্রসঙ্গেই করণকে নিয়ে প্রায় দড়ি টানাটানি অবস্থা সাইফ-কঙ্গনার!
করণ জোহরকে নেপোটিজমের ‘ঝান্ডাধারী’ বলে বাণ ছুড়েছিলেন কঙ্গনা রানাউত। বছর খানেক আগের কথা! এবার সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সেই প্রসঙ্গ ফের জোরালো হয়ে উঠেছে। বলিউডের স্বজনপোষণ নিয়ে নেটজনতার রোষানলে পড়ে বিতর্কের জল এত দূর গড়িয়েছে যে করণ জোহর যে ইতিমধ্যেই মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালের বোর্ড থেকে ইস্তফা দিয়েছেন, সে কথাও শোনা গিয়েছে। কারণ? অভিমানী করণের কথায়, বলিউডে স্বজনপ্রীতি নিয়ে নেটজনতার রোষ যখন একের পর এক তার উপর পড়েছে, কেউ তার প্রতিবাদ করেননি! উপরন্তু তার ‘কফি উইথ করণ’-এর ভবিষ্যৎও অন্ধকার বলে শোনা যাচ্ছে! এবার নেপোটিজম বিতর্কে জর্জরিত সেই করণের পাশেই দাঁড়ালেন বলিউডের নবাবপুত্র সাইফ আলি খান।
প্রসঙ্গত, এই নেপোটিজম প্রসঙ্গেই ‘কফি উইথ করণ’-এর অতীতের একটি পর্ব সুশান্তের মৃত্যুর পর বেশ ভাইরাল হয়েছে। যেখানে কফি কাউচে কঙ্গনার সঙ্গে বসে থাকতে দেখা গিয়েছে সাইফকে। সেই পর্বেই কঙ্গনা কোনোরকম রাখঢাক না করে, নেপোটিজম প্রসঙ্গ তুলে তুলোধনা করেন করণ জোহরকে। তাদের সামনে খানিক অপ্রস্তুতই হয়ে পড়েছিলেন মিতভাষী সাইফ। দিন কয়েক আগেই সুশান্তের মৃত্যুর জন্য কঙ্গনা যখন বলিউডের পক্ষপাতিত্বকেই দায়ী করেছেন, তার ভিত্তিতেই এবার মুখ খুলেছেন সাইফ আলি খান।
কঙ্গনার মন্তব্যের প্রসঙ্গ টেনেই সাইফের বক্তব্য, ‘সত্যিটা সব সময়ই জটিল! করণের নামের সঙ্গে সাফল্য জড়িয়ে আছে বলেই আজ ও বিতর্কের কেন্দ্রে এসেছেন। মানুষ আসলে সত্যি কথাটা শুনতে চায় না! আশা করি, খুব শিগগিরই করণ আবার ভালো সময় ফিরে পাবেন। নেপোটিজমের সবচেয়ে খারাপ দিক এটাই যে, প্রতিভা থাকা সত্ত্বেও কাউকে সরিয়ে তুলনায় কম ট্যালেন্টেড কাউকে নেওয়া হয়, এটা কখনোই সমর্থনযোগ্য নয়! স্টারকিড হিসেবে আমিও নেপোটিজমের শিকার।’
সাইফ সাফ জানিয়ে দিয়েছেন, ‘সুশান্তকে এই নোংরামোর মধ্যে টেনে না আনাই ভালো। কারণ স্ট্রাগলের পাশাপাশি নেপোটিজমও থাকবে! এটা এই ইন্ডাস্ট্রির কাজের প্রক্রিয়ারই একটা অঙ্গ!’ অতঃপর ইন্ডাস্ট্রিতে যে অসাম্য রয়েছে, সে কথা একপ্রকার স্বীকারই করে নিয়েছেন সাইফ। তবে করণের ব্যাপারে কিন্তু একেবারেই নেতিবাচক কোনো কথা বললেন না অভিনেতা। বরং, পরিচালক-প্রযোজককে এই আক্রমণের বিরোধিতাই করেছেন তিনি।