এখন পর্যন্ত সারা দেশে আদালতের ৪০ বিচারক, ১৮১ কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত বিচারকদের মধ্যে একজন মারা গেছেন।
শুক্রবার দেশ রূপান্তরকে এ তথ্য জানান সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান।
তিনি বলেন, এদিন পর্যন্ত অধস্তন আদালতের ৪০ জন বিচারক, ১৩৬ কর্মচারী এবং সুপ্রিম কোর্টের ৪৫ কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বিচারকদের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন এবং ১৭ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন। অপর ২১ বিচারক নিজ নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ জুন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান লালমনিরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) ফেরদৌস আহমেদ।
সাইফুর রহমান এর আগে জানান, বিচারকদের মধ্যে গত ২২ মে প্রথম নেত্রকোনার জেলা ও দায়রা জজ শাহাজাহান কবির এবং মুন্সিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম রোকেয়া রহমান করোনাভাইরাসে আক্রান্ত হন। এছাড়া মাদারীপুর জেলা জজ আদালতের জারিকারক মো. কাউসার গত ১৮ জুন এবং নওগাঁ জেলা জজ আদালতের অফিস সহায়ক মহিউদ্দিন মোহন ১৯ জুন করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যান।