ম্যানসিটি ছেড়ে বায়ার্নে সানে

‘বড় লক্ষ্যের জন্য দুর্দান্ত এক ক্লাব বায়ার্ন মিউনিখ।’ ম্যানচেস্টার সিটি ছেড়ে ৫ বছরের চুক্তিতে জার্মান ক্লাবে যোগ দিয়ে একথা বলেছেন লেরয় সানে।

২৪ বছর বয়সী জার্মান উইঙ্গার ৫৪.৮ মিলিয়ন পাউন্ডে নিজ দেশের ক্লাবে যোগ দিয়েছেন। এফসি শালকে ছেড়ে ২০১৬ সালে ৩৭ মিলিয়ন পাউন্ডে ম্যানসিটিতে যোগ দিয়েছিলেন সানে। ইংলিশ ক্লাবটির হয়ে দুটি প্রিমিয়ার লিগ শিরোপা, এফএ কাপ ও দুটি লিগ কাপ জেতেন এই তারকা।

‘বায়ার্নের হয়ে আমি যত সম্ভব ট্রফি জিততে চাই। চ্যাম্পিয়ন্স লিগ এ ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রাধান্য পাবে।’- বলেন সানে।

গত বছর সিটির ট্রেবল জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সানে। কিন্তু এ মৌসুমে ইনজুরি বেশিরভাগ সময়ই মাঠের বাইরে রাখে তাকে। সিটি অধ্যায়ে ১৩৫ ম্যাচে ৩৯ গোল ও ৪৫ এসিস্ট সানের।

‘আমাদের লক্ষ্য জার্মানির সেরা খেলোয়াড়দের বায়ার্নে ভেড়ানো। লেরয় সানের সঙ্গে চুক্তিও তারই অংশ।’- বলেন বায়ার্ন প্রধান নির্বাহী কার্ল-হেইঞ্জ রোমেনিগ।

সানে জার্মানি জাতীয় দলের হয়ে ২১ ম্যাচ খেলেছেন। আগামী সপ্তাহেই বায়ার্নের অনুশীলনে যোগ দেবেন তিনি। তবে এই মৌসুমে বায়ার্নের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবেন না এই উইঙ্গার।