গণস্বাস্থ্যের সঙ্গে কাজ করবেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক

করোনাজয়ী গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা উন্নতির দিকে। এদিকে ডা. জাফরুল্লাহ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এবিএম আব্দুল্লাহকে গণস্বাস্থ্যের সঙ্গে কাজ করার প্রস্তাব দিতে তিনি সম্মতি জ্ঞাপন করেন।

শুক্রবার গণমাধ্যম এসব কথা জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু। ডা. জাফরুল্লাহ বর্তমানে পত্রিকা পড়ে ও লেখালেখি করে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালের চতুর্থ তলার কেবিনে সময় কাটাচ্ছেন।

গণস্বাস্থ্যের চিকিৎসক অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদের বরাত দিয়ে এসব জানান মিন্টু।

ডা.  জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে তার নিজের স্থাপিত প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালে অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মামুন মোস্তাফি এবং অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদ এর তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

এদিকে সকাল ১১টায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এবিএম আব্দুল্লাহ গণস্বাস্থ্য নগর হাসপাতালে জাফরুল্লাহ চৌধুরীকে দ্বিতীয়বার দেখতে যান। এ সময় ডা. আব্দুল্লাহ তার শারীরিক এবং চিকিৎসার খোঁজ খবর নেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী তাকে গণস্বাস্থ্যের চিকিৎসা গবেষণা উইং এর মূল দায়িত্বে নিয়ে কাজ করার জন্যে প্রস্তাব করলে সাথে সাথেই ডা. আব্দুল্লাহ সম্মতি জ্ঞাপন করেন।

এসময় গণস্বাস্থ্যের আইসিইউ প্রধান অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদ ও আরবান পরিচালক অধ্যাপক ডা. শওকত আরমান উপস্থিত ছিলেন।

ডা. আরমান মিন্টুকে জানিয়েছেন জাফরুল্লাহ চৌধুরী প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. আব্দুল্লাহর সাথে দীর্ঘসময় পরস্পর আন্তরিকতার সাথে কথা বলেন। এ সময় ডা. জাফরুল্লাহ চৌধুরীকে অনেক উজ্জীবিত দেখা যায়।