রাজধানীর মুগদার মাণ্ডা এলাকা থেকে গতকাল শনিবার সকালে শিরিন আক্তার (২২) নামে অন্তঃসত্ত্বা এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের দাবি, শিরিন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শিরিনের মা অন্তু বেগম জানান, তিন বছর আগে শিরিনের বিয়ে হয়। মাসখানেক ধরে তার কিছুটা মানসিক সমস্যা দেখা দেয়। কোনো কারণ ছাড়াই হঠাৎ ঘরের আসবাব ভাঙচুর করত। গতকাল সকালে ভাঙচুর শুরু করলে সোহেল তাদের বাসায় যায় এবং শিরিনকে চিকিৎসকের কাছে নেওয়ার কথা বলে। এরপর তারা সবাই শিরিনের বাসায় গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। অনেকক্ষণ ডাকাডাকির পর সাড়া না পেয়ে দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় শিরিনকে দেখতে পান। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই শিরিনের মৃত্যু হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। শিরিন পটুয়াখালীর বাউফল উপজেলার কবিরকাঠি গ্রামের সিদ্দিকুর রহমানের মেয়ে। তার স্বামী সোহেল ডিশ লাইনের সংযোগ দেওয়ার কাজ করেন। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।