স্রোতে ব্যাহত ফেরি চলাচল, পাটুরিয়ায় যানবাহনের চাপ

কয়েক দিন ধরে দেশের নদ-নদীতে পানি বাড়ছে। পদ্মা ও যমুনার পানি বেড়ে নদীতে তীব্র স্রোত তৈরি হয়েছে। এতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার প্রবেশপথ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।

ঘাটসংশ্লিষ্টরা জানান, স্রোতের কারণে গন্তব্যে যেতে ফেরিগুলোর দ্বিগুণ সময় লাগছে। এতে পাটুরিয়ায় যানবাহনের চাপ বাড়ছে। গতকাল শুক্রবার উভয় ঘাটে চার শতাধিক যানবাহনের সারি দেখা যায়। দীর্ঘক্ষণ যানবাহন আটকে থাকায় যাত্রী ও শ্রমিকরা দুর্ভোগ পোহাচ্ছেন।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, ফেরি চলাচলে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ সময় লাগছে। এজন্য ঘাটে যানবাহনের চাপ বাড়ছে। তবে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস পারাপার করা হচ্ছে।

এই নৌরুটে ১৭টির মধ্যে বর্তমানে ১৩টি ফেরিতে যানবাহন পারাপার করা হচ্ছে। এর মধ্যে রো রো (বড়) ফেরি ৭টি, ইউটিলিটি (মাঝারি) ৫টি ও একটি ছোট ফেরি রয়েছে বলে জানান তিনি।