আসিফের বিরুদ্ধে থানায় অভিযোগ মুন্নির

আসিফ আকবর ও দিনাত জাহান মুন্নি এক সঙ্গে তিনটি দ্বৈত অ্যালবাম ও ১৫টি চলচ্চিত্রে গান করেছেন। এর মাঝে জনপ্রিয় গানও রয়েছে। এক লিখিত অভিযোগ বুঝিয়ে দিল দুই সহকর্মীর মাধে তিক্ততা মারাত্মক আকার ধারণ করেছে।

আসিফের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন মুন্নি। বৃহস্পতিবার হাতিরঝিল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন গায়িকা।

এই প্রসঙ্গে গণমাধ্যমকে মুন্নি বলেন, “একটা মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যায় তখনই সে মামলা করতে বাধ্য হয়। কয়েক দিন ধরে আমাকে নিয়ে ফেইসবুকে ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন আসিফ। সেখানে তার ভক্তরা আমাকে নিয়ে বাজে মন্তব্য করেই যাচ্ছেন।”

অন্য দিকে, নিজের ফেইসবুক পেজে এই সম্পর্কিত খবর শেয়ার করে আসিফ লেখেন, “আলহামদুলিল্লাহ ...। সবাইকে সংযত থাকার জন্য অনুরোধ করছি। ভালোবাসা অবিরাম।”

পারিশ্রমিক নিয়ে একঝাঁক সংগীতশিল্পীর বিবৃতি নিয়ে কিছুদিন ধরে সংগীতাঙ্গনে অস্থিরতা বিরাজ করছে। এ নিয়ে অনেকেই পক্ষ-বিপক্ষে নিজেদের মতামত উপস্থাপন করেছেন। পারিশ্রমিক নিয়ে কথা বলেছেন গীতিকার ও অন্য পক্ষগুলোও।

সহকর্মীদের কাছ থেকে এবারই প্রথম মামলা হলো না আসিফের বিরুদ্ধে। এর আগে গীতিকার-সুরকার-শিল্পী শফিক তুহিন ও প্রীতম আহমেদের করা এক মামলায় কিছুদিন জেলে ছিলেন তিনি। সেই মামলা এখনো চলছে।

এ দিকে শুক্রবার আসিফ বিশেষ একটি গানের খবর প্রকাশ করেন। কলকাতার কবির সুমনের কথা ও সুরে ‘সিরিয়ার ছেলে’ শিরোনামের গানে কণ্ঠ দিতে চলেছেন তিনি। সংগীত পরিচালনা করছেন শওকত আলী ইমন।