করোনা সংক্রমণ ঠেকাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন ওয়ারী এলাকায় শনিবার সকাল ৮টা থেকে ২১ দিনের জন্য লকডাউন শুরু হয়েছে।
এই এলাকায় কভিড-১৯ সংক্রমণের হার বেশি হওয়ায় ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। আগামী ২৫ জুলাই পর্যন্ত এই এলাকায় লকডাউনের বিধিনিষেধ কার্যকর থাকবে।
শুক্রবার বিকালে ওয়ারী গিয়ে দেখা যায়, স্থানীয় কমিউনিটির সদস্যদের সাথে সমন্বয় করে ডিএসসিসির প্রতিনিধিরা এলাকার সব প্রবেশ পথে বাঁশ দিয়ে প্রতিরোধক তৈরি করছে।
ওয়ারী এলাকার টিপু সুলতান রোড, জাহাঙ্গীর রোড, ঢাকা-সিলেট মহাসড়কের (জয়কালি মন্দির থেকে বলধা গার্ডেন) বাইরের সড়ক, লালমনি রোড, ওয়ার রোড, র্যাঙ্কিন স্ট্রিট এবং নবাব স্ট্রিটের অভ্যন্তরীণ এলাকায় কঠোরভাবে লকডাউন কার্যকর থাকবে।
এর আগে মঙ্গলবার ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ওয়ারীকে লকডাউনের আওতায় রাখার বিষয়ে বিস্তারিত জানিয়েছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, শনিবার সকাল নাগাদ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক লাখ ৫৬ হাজার ৩৯১ জন। মারা গেছেন ১ হাজার ৯৬৮ জন।
এদিকে, সপ্তাহে নতুন করে করোনাভাইরাস আক্রান্তদের নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) করা র্যাঙ্কিংয়ে শুক্রবার বাংলাদেশ ৮ম স্থানে উঠে এসেছে।