শ্বশুরবাড়িতে টাকা না পেয়ে গুলিবর্ষণ, পিস্তলসহ জামাই আটক

গাজীপুরে বাড়ি নির্মাণ করার জন্য শ্বশুরবাড়িতে টাকা না পেয়ে গুলি বর্ষণ করেন জামাই। পরে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ তাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার বিকেলে মহানগরীর বাসন থানাধীন হক মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

আটক যুবকের নাম লোকমান হোসেন (৩৬)। তিনি হক মার্কেট এলাকার রোস্তম আলী হাজীর ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (সদর জোন) একেএম আহসান হাবীব জানান, লোকমান হোসেন তার বাড়ির কাছে হক মার্কেট এলাকায় বিয়ে করেন।

সম্প্রতি তিনি ওই এলাকায় একটি বাড়ি নির্মাণ করছেন। বাড়ি নির্মাণের জন্য তিনি শ্বশুর বাড়িতে টাকা দাবি করেন। শ্বশুরবাড়ির লোকজন তাকে টাকা দিতে অস্বীকৃতি জানায়।

একপর্যায়ে লোকমান হোসেন শুক্রবার দুপুরে অস্ত্র নিয়ে শ্বশুরবাড়িতে যান। টাকার জন্য শাশুড়ি জরিনা বেগমকে অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখান এবং এক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেন।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি গুলি খোসা উদ্ধার করেছে। পরে শাশুড়ি জরিনা বেগম বাসন থানায় অভিযোগ দিলে পুলিশ শুক্রবার বিকেলে লোকমানের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে এবং তার কাছ থেকে একটি বিদেশি পিস্তলসহ তিন রাউন্ড গুলি উদ্ধার করে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।