গাজীপুরে প্রাইভেটকারের ধাক্কায় নারী শ্রমিক নিহত

গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় প্রাইভেটকারের ধাক্কায় এক নারী গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছে। শনিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তার নাম শান্তনা (৩০)। তিনি টাঙ্গাইল মধুপুরের পীরগাছা এলাকার সুনীল চন্দ্র বর্মণের স্ত্রী।

দুর্ঘটনায় শারতি রানী ও মায়া রানী নামের দুই পোশাক শ্রমিক আহত হয়েছে। হতাহতরা স্থানীয় একটি গার্মেন্টস কারখানার শ্রমিক।

নাওজোর হাইওয়ে থানার এসআই ফরিদুজ্জামান জানান, সদর উপজেলার ভবানীপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী একটি প্রাইভেটকার তিন নারী শ্রমিককে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে একজন নিহত ও অপর দুইজন গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

নিহতের লাশ ময়নাতদন্তেরর জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর প্রাইভেটকারটি রেখে চালক পালিয়ে গেছে।