দেশে একদিনে ২৯ মৃত্যু, শনাক্ত ৩২৮৮

চব্বিশ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৯ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১৪ হাজার ৭২৭টি নমুনা পরীক্ষা করে ৩ হাজার ২৮৮ জনের শরীরে ভাইরাসটির সংক্রমণ ধরা পড়েছে।

শনিবার সকাল আটটা পর্যন্ত দেশে কভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৯৯৭ জন।

আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৯ হাজার ৬৭৯ জন। এর মধ্যে নতুন ২ হাজার ৬৭৩ জনসহ মোট সুস্থ হয়েছেন ৭০ হাজার ৭২ জন।

সবশেষ চব্বিশ ঘণ্টার হিসেব অনুযায়ী দেশে করোনার নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২২.৩৩ শতাংশ, শনাক্তের বিবেচনায় সুস্থতার হার ৪৪.২৯ শতাংশ এবং মৃত্যুর হার ১.২৫ শতাংশ।

দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে শনিবার দুপুরে এসব তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

চব্বিশ ঘণ্টায় মৃত্যুবরণ করাদের মধ্যে ২১ জন পুরুষ; আটজন নারী। হাসপাতালে মৃত্যু হয়েছে ২৫ জনের, বাড়িতে একজনের এবং মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে তিনজনকে।

মৃতদের মধ্যে ঢাকা বিভাগের নয়জন, চট্টগ্রাম বিভাগের চারজন, রাজশাহী বিভাগের সাতজন, খুলনা ও সিলেট বিভাগে তিনজন করে, বরিশাল বিভাগের দুজন এবং ময়মনসিংহ বিভাগের একজন।

বয়স বিশ্লেষণে দেখা যাচ্ছে, সর্বোচ্চ ১১ জনের মৃত্যু হয়েছে ৬১-৭০ বছর বয়সীদের মধ্যে, ৫১-৬০ বছরের মধ্যে মৃত্যু হয়েছে নয়জনের, ৪১-৫০ বছর বয়সীদের মধ্যে হয়েছে চারজনের, দুজনের বয়স ৮১-৯০ এর মধ্যে এবং ১১-২০, ৩১-৪০ ও ৭১-৮০ বছর বয়সীদের মধ্যে একজন করে মৃত্যু হয়েছে।

চব্বিশ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৭৪৪ জনকে, ছাড় পেয়েছেন ২৪২ জন; বর্তমানে আইসোলেশনে আছেন ১৬ হাজার ৪৪৯ জন।

এই সময়ে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে ২ হাজার ২৪২ জনকে, ছাড় পেয়েছেন ১ হাজার ৬৪৮ জন; বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৬৪ হাজার ১৫০ জন।