গন্ধ শুঁকে করোনা ‘শনাক্ত করবে’ কুকুর!

কুকুর গন্ধ শুঁকে নভেল করোনাভাইরাস শনাক্ত করতে পারে কি না তার পরীক্ষা চালাচ্ছে ইংল্যান্ডের একটি স্বেচ্ছাসেবী সংস্থা।

বিবিসি জানিয়েছে, মিলটন কিন্স নামে একটি শহরে ছয়টি কুকুরকে রোগ নির্ণয়কারী কুকুর হিসাবে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। সংস্থাটির সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী ড. ক্লেয়ার গেস্ট বলছেন, আগে থেকে তারা ইঙ্গিত পেয়েছিলেন যে এই কুকুরগুলোর গন্ধ শুঁকে ভাইরাস ধরতে পারার ক্ষমতা আছে।

এর আগে তিনি কুকুরকে গন্ধ শুঁকে ম্যালেরিয়া, ক্যান্সার এবং পারকিনসন রোগ ধরার কাজে প্রশিক্ষণ দেন।

‘এই গবেষণার কাজ খুবই সন্তোষজনকভাবে এগোচ্ছে এবং আমরা খুবই ইতিবাচক ফল দেখতে পাচ্ছি,’ বলেছেন ড. গেস্ট, ‘এই কুকুরগুলোর ঘ্রাণ অনুভূতি খুবই প্রখর।’

নরমান, ডিগবি, স্টর্ম, স্টার, জ্যাসপার, আর অ্যাশার - এই ছয়টি কুকুরকে লন্ডনের সরকারি হাসপাতালে কর্মরত স্বাস্থ্যকর্মীদের মোজা এবং ফেস মাস্ক থেকে ভাইরাসের গন্ধ শোঁকার প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

তারা আশা করছেন আগামী সপ্তাহে ৩ হাজার ২০০টি নমুনা তারা আনতে পারবেন। বিজ্ঞানীরা দেখবেন কোনগুলোর মধ্যে ভাইরাস আছে। এরপর কুকুরগুলোকে বলা হবে সেগুলোর মধ্যে থেকে পজিটিভ নমুনাগুলো শনাক্ত করতে। দেখা হবে তারা পজিটিভ আর নেগেটিভ আলাদা করতে পারছে কি না এবং প্রশিক্ষকদের পজিটিভ নমুনাগুলো সম্পর্কে সতর্ক করতে পারছে কি না ।

ড. গেস্ট বলছেন অ্যাশার নামে তার কুকুরটি প্রশিক্ষণে ‘মাত্রাতিরিক্ত’ ভাল ফল দেখাচ্ছে।

‘সে ইতিমধ্যেই শিখে গেছে কীভাবে ম্যালেরিয়া এবং পারকিনসনস রোগ শনাক্ত করতে হয়। কাজেই আমরা জানি এ কাজে অ্যাশার খুবই দক্ষতার পরিচয় দেবে। প্রশিক্ষণের সময় অ্যাশার নির্ভুলভাবে ঘ্রাণ চিহ্নিত করতে পারছিল,’ তিনি বলেন।

প্রাথমিক প্রশিক্ষণের আট সপ্তাহ পর এই কাজে সফল কুকুরগুলোকে নিয়ে শুরু হবে দ্বিতীয় পর্বের পরীক্ষা। তখন তাদের একেবারে লাইভ পরিস্থিতিতে ভাইরাস শনাক্ত করার কাজ করতে দেয়া হবে। অর্থাৎ পরীক্ষার পরিবেশে নয়, একেবারে মানুষের মধ্যে তাদের ছেড়ে দিয়ে ভাইরাস শনাক্ত করার কাজ দেয়া হবে!

এই ট্রায়াল বা পরীক্ষার জন্য ব্রিটিশ সরকার ৫ লাখ পাউন্ড অর্থ ব্যয় করেছে এবং লন্ডনের স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিকাল মেডিসিন এবং ডারহাম বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই প্রকল্পে কাজ করছেন।