দিশা সালিয়ানের মৃত্যুর সঙ্গে কি কোনোভাবে যোগ রয়েছে সুশান্তের আত্মহত্যার! প্রাক্তন ম্যানেজার দিশার মৃত্যুর এক সপ্তাহের মধ্যে কেন সুশান্ত চরম সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে প্রথম থেকেই শুরু হয়েছে জোর গুঞ্জন। তবে সুশান্তের আত্মহত্যার তদন্ত করতে গিয়ে পুলিশ স্পষ্ট জানিয়ে দেয়, দিশার আত্মহত্যার সঙ্গে সুশান্তের মৃত্যুর কোনো যোগ নেই। এসবের মধ্যেই এবার সোশ্যাল মিডিয়ায় উঠে আসতে শুরু করেছে একাধিক দাবি।
যার একটিতে দাবি করা হয়, অভিনেতা সূরজ পাঞ্চোলির সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছিলেন সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ান। এমনকি, দিশা নাকি অন্তঃসত্ত্বাও ছিলেন। সূরজের সঙ্গে সম্পর্কে জড়িয়ে দিশা যাতে কোনো ভুল সিদ্ধান্ত না নেন, তার জন্য প্রাক্তন ম্যানেজারকে বোঝানোর চেষ্টা করেছিলেন সুশান্ত। বলিউড অভিনেতার মৃত্যুর পর এবার এমনই তথ্য নিয়ে হাজির বেশ কয়েকজন নেটিজেন। ওই দাবি প্রকাশ্যে আসার পরই জোর শোরগোল শুরু হয়। দিশার মৃত্যুর সঙ্গে কি তাহলে কোনোভাবে সুশান্তের আত্মহত্যার যোগ রয়েছে! এমন মন্তব্যও শুরু হয়ে যায় বিভিন্ন মহলে।
এদিক সূরজ পাঞ্চোলির সঙ্গে সুশান্তের বাদানুবাদের কথা প্রকাশ পায় অভিনেতার মৃত্যুর পর। যার প্রেক্ষিতে নিজের সোশ্যাল হ্যান্ডেলে স্ট্যাটাস দিতে বাধ্য হন সূরজ। যেখানে তিনি দাবি করেন, সুশান্তের সঙ্গে তার বন্ধুত্বের সম্পর্ক ছিল। কখনো তার সঙ্গে কোনো বাদানুবাদ হয়নি। তাই সুশান্তের সঙ্গে তার সম্পর্কের অবনতি হয় বলে যারা দাবি করছেন, তারা মিথ্যে বলছেন বলেও দাবি করেন আদিত্য পাঞ্চোলির ছেলে।
এদিকে সূত্রের খবর, ড্রাইভে জ্যাকলিন ফার্নান্ডেজের বিপরীতে সূরজ পাঞ্চোলিকে কাস্ট করাতে চেয়েছিলেন সালমান খান। জ্যাকলিনের সঙ্গে সুশান্তকে কাস্ট করানোর পরই সালমান এবং আদিত্য পাঞ্চোলির ছেলের সঙ্গে কাই পো চে অভিনেতার সম্পর্কের অবনতি হতে শুরু করে বলেও অনেকে দাবি করতে শুরু করেন। সবকিছু মিলিয়ে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কারণ কী, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে সামাজিক মাধ্যমে।