রাজধানীর যাত্রাবাড়ি ধলপুর এলাকায় একটি বাসার বাথরুম থেকে ঝুলন্ত অবস্থায় রুকসানা আক্তার (৩২) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর থানার খোলাবাড়ি।
এ ঘটনাকে হত্যাকাণ্ড দাবি করে যাত্রাবাড়ি থানায় করা মামলায় রুকসানার স্বামী মো. নুরুদ্দিনকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।
যাত্রাবাড়ি থানার এসআই নির্মল কুমার দাস দেশ রূপান্তরকে বলেন, শুক্রবার দুপুরে বাসার বাথরুম ওড়নার সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় থাকা রুকসানাকে উদ্ধার করা হয়। মিডফোর্ড হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রুকসানা ভাইয়ের করা মামলায় স্বামী নুরুদ্দিনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়া হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
রুকসানা বড় ভাই খোকন বলেন, খবর পেয়ে গ্রামের বাড়ি থেকে ঢাকায় যাত্রাবাড়িতে বোনের বাসায় আসি। বাসায় গিয়ে দেখি বোনের লাশ প্যাকেটে ভরা। এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হয়েছে এ জন্য মামলা করেছি।
তিনি বলেন, আমার বোন পিএসইটি নামক একটি এনজিওতে চাকরি করত। সেখানেই চাকরি করা নুরুদ্দিনকে আমার বোন ভালোবেসে এ বছরের জানুয়ারিতে বিয়ে করে। নুরুদ্দিনের বাড়ি চট্টগ্রাম। বিয়ের পর থেকে বোনের উপর শ্বশুর বাড়ির সবাই শারীরিক ও মানসিক নির্যাতন করত।