কুষ্টিয়ার দৌলতপুরে সাপের কামড়ে মাহফুজ (১১) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
মাহফুজ উপজেলার সীমান্ত সংলগ্ন প্রাগপুর ইউনিয়নের জামালপুর গ্রামের খাইরুল ইসলামের ছেলে এবং স্থানীয় জামালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।
পারিবারিক সূত্রে জানায়, বুধবার বেলা ১১টার দিকে জামালপুর মাঠে ঘুড়ি ওড়ানোর সময় বিষাক্ত সাপে কামড় দেয় শিশু মাহফুজকে। প্রাথমিক ভাবে স্থানীয় ওঝা দিয়ে সাপের বিষ নামানোর চেষ্টা করা হয়। ওঝা ব্যর্থ হওয়ায় ২৫০শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার শিশুটির অবস্থা অবনতি হওয়ায় দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন চিকিৎসক। পরে রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে শিশুটি মারা যায়।
শনিবার দুপুরে শিশুটির মরদেহ নিজ এলাকায় পৌঁছালে সেখানে হৃদয় বিদারক ঘটনা ঘটে এবং স্বজনদের কান্নায় সেখানকার পরিবেশ ভারী হয়ে উঠে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রাগপুর ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল সরকার জানান, সাপের কামড়ে শিশুর মৃত্যুর ঘটনাটি হৃদয়বিদারক।