রাজধানীর মগবাজার ফ্লাইওভারে দুর্ঘটনায় নিহত স্কুলছাত্র ইফরান খান রাকিব (১৬) হত্যা মামলায় অভিযোগপত্র চূড়ান্ত করেছে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই)। শিগগরিই তা আদালতে দাখিল করা হবে।
গতকাল শনিবার মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক মুজিবুর রহমান বলেন, ‘বিআরটিএ’র মোটর ভেহিক্যাল পরীক্ষার রিপোর্টে বেপরোয়া গতিতে প্রাইভেট কারটি চালানোয় দুর্ঘটনা ঘটেছে বলা হয়েছে। গাড়িটি চালাচ্ছিল রাকিবের বন্ধু সাকিবুর রহমান সাদী, যার কোনো লাইসেন্স ছিল না। সে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। রাকিবের লাশের ময়নাতদন্তেও দুর্ঘটনায় শরীরে আঘাতের ফলে মৃত্যুর কথা বলা হয়েছে। এ জন্য অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে সাদীকে একমাত্র আসামি করে দ্রুত অভিযোগপত্র দাখিল করা হবে।’
তবে রাকিবের বাবা দীল মোহাম্মদ খানের অভিযোগ, পরিকল্পিত হত্যার পর দুর্ঘটনার নাটক সাজানো হয়। আসামি সাকিবুর রহমান সাদীকে রিমান্ডে নিতে পিবিআই গাফিলতি করে। রিমান্ড শুনানিতে পর্যন্ত তদন্ত কর্মকর্তা উপস্থিত হননি। দুর্ঘটনাকবলিত গাড়ির ফরেনসিক পরীক্ষাও হয়নি।