করোনায় সলিমুল্লাহ মেডিকেলের সাবেক অধ্যাপকের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ফিজিওলজি বিভাগের সাবেক অধ্যাপক কে এম মুন্তাকিম চৌধুরী মারা গেছেন। গতকাল শনিবার বেলা ১১টার দিকে তিনি মারা যান বলে জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেইফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটি-এফডিএসআর।

এফডিএসআরের যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী বলেন, কভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুর বিষয়টি তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। ‘তবে তিনি কোথায় চিকিৎসাধীন ছিলেন, কবে আক্রান্ত হয়েছেন এসব তথ্য আমরা এখনো পাইনি।’ শনিবার মাগরিবের পর আজিমপুরে মুন্তাকিম চৌধুরীকে দাফন করা হবে বলে তিনি জানান। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী।