বাংলাদেশ এখন দুর্নীতির জন্য বিশ্বে রোল মডেল : রিজভী

বাংলাদেশ এখন দুর্নীতির জন্য সারা বিশ্বের কাছে রোল মডেল বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।  গতকাল শনিবার নয়াপল্টনে দলীয় কার্যালয় থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, সরকার এখন দুর্নীতির রোল মডেল। এরা স্বর্ণের মেডেল থেকে স্বর্ণ চুরি করে। করোনাভাইরাসে বিপর্যস্ত মানুষের জন্য বরাদ্দ ত্রাণের চাল চুরি করে। নকল মাস্কের ব্যবসায়ও রোল মডেল হয়েছে। এখন প্রাণঘাতী করোনাভাইরাস পরীক্ষার ওপর ২০০ টাকা ফি আরোপ করার সিদ্ধান্তও বিস্ময়কর।

তিনি বলেন, করোনাভাইরাস মহামারীর চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্রের। বিশ্বের কোথাও সরকারিভাবে কভিড টেস্টে অর্থ নেওয়া হয় না। সবচেয়ে বেশি কভিড টেস্টের রেকর্ড দক্ষিণ কোরিয়ার। তারা দিনে এক লাখের ওপর মানুষের কভিড টেস্টও করেছে। এমনকি অ্যান্টিবডি টেস্টও করেছে। তাদের সমস্ত টেস্টই বিনামূল্যে করা হচ্ছে।