ব্রিটেনের ‘প্রথম কৃষ্ণাঙ্গ সিনেমা সুপারস্টারের’ মৃত্যু

শ্বেতাঙ্গ প্রভাব আর তাদের স্বঘোষিত আভিজাত্যের ভিড়ে অভিষেকেই যে কৃষ্ণাঙ্গ অভিনেতা আলো কেড়েছিলেন, সেই আর্ল ক্যামেরন ১০২ বছর বয়সে পৃথিবীকে বিদায় বলেছেন।

তার মৃত্যুতে কৃষ্ণাঙ্গ কমিউনিটির বর্তমান প্রজন্মের তারকারাসহ ব্রিটেনের অনেকে শোক প্রকাশ করেছেন। ডেভিড হেরউড তাকে ‘চিরকালের কিংবদন্তি’ বলে আখ্যা দিয়েছেন। প্যাটারসন জোসেফ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘তার প্রজন্মের অগ্রপথিকের ওপর ভর করে দাঁড়িয়ে আছে আমার প্রজন্ম।’

বারমুডায় জন্ম নেয়া ক্যামেরন ১৯৫১ সালে ‘পুল অব লন্ডনে’ অভিনয় করে আলোচনায় আসেন। জেমস বন্ডের ১৯৬৫ সালের একটি সিনেমায়ও ছোট চরিত্রে তাকে দেখা গেছে। ব্রিটেনে তিনি তুমুল জনপ্রিয়তা পেলেও অন্য দেশে খুব একটা পরিচিতি ছিল না।

ক্যামেরন ১৯৩৯ সালে ব্রিটেনে যান। এরপর লন্ডনের ওয়েস্ট এন্ডে মঞ্চনাটকে কাজ শুরু করেন। নিজেকে কখনো তিনি অগ্রপথিক ভাবেননি।

২০১৭ সালের এক সাক্ষাৎকারে বলেন, ‘হয়তো দেরি করে কেউ আলোচনায় এসেছে, এই যা। আমি যা আমার ক্ষেত্রে তাই হয়েছে।’

ক্যামেরন সিনেমার পাশাপাশি এক সময় টেলিভিশনেও নিয়মিত অভিনয় করতেন। ব্রিটেনের জনপ্রিয় টিভি সিরিজ ‘ড. হু’তে অনেক দিন কাজ করেছেন তিনি।