টানা তিন সপ্তাহ দেশে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা তিন হাজার বা এর বেশি থাকার পর সবশেষ চব্বিশ ঘণ্টার হিসেবে কিছুটা আশাব্যঞ্জক খবর এল। ২২ দিন পর ৩ হাজারের নিচে নতুন শনাক্ত দেখল দেশ।
করোনাভাইরাস নিয়ে রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, এদিন সকাল আটটা পর্যন্ত ১৩ হাজার ৯৮৮টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৭৩৮ জনের শরীরে সংক্রমণ পাওয়া গেছে।
সবশেষ শনাক্ত দুই হাজারের ঘরে ছিল গত ১৩ জুন, ২ হাজার ৮৫৬ জন। এরপর সংক্রমণ কেবলই বাড়তির দিকে গেছে। এর মধ্যে ১৭, ২৯ জুন ও ২ জুলাই চার হাজারের বেশি শনাক্ত দেখেছে দেশ।
গত বছরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত রোগী বাংলাদেশে প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। এর দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু।
দেশে সরকারি হিসেবে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬২ হাজার ৪১৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭২ হাজার ৬২৫ জন।
তবে গত কয়েক দিনের তুলনায় গত একদিনে দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা হঠাৎ বেড়েছে। নতুন করে ৫৫ জনসহ মোট মৃত্যু দাঁড়িয়েছে ২ হাজার ৫২ জনে।
দেশে করোনায় মৃত্যুর সংখ্যা হাজার ছাড়ায় গত ১০ জুন, ওই দিন পর্যন্ত দেশে মোট মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ১২ জন। বাকি ১ হাজার ৪০ জনে মৃত্যু যোগ হলো মাত্র ২৫ দিনে।
মৃত্যুবরণ করাদের অধিকাংশই ঢাকা বিভাগ ও চট্টগ্রাম বিভাগের। তাদের সিংহভাগই পুরুষ। বয়স বিশ্লেষণে দেখা যাচ্ছে, মৃতদের অধিকাংশই ষাটোর্ধ্ব।