করোনা উপসর্গে ফেনীর প্রবীণ সাংবাদিক নুরুল করিমের মৃত্যু

ফেনীর প্রবীণ সাংবাদিক নুরুল করিম মজমুমদার আর নেই। রোববার রাতে সাড়ে আটটার দিকে ফেনী জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন)। তার মৃত্যুতে ফেনীর গণমাধ্যমকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

তার স্বজনেরা জানান, গত বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্ট ও বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন সাংবাদিক নুরুল করিম মজুমদার। প্রাথমিকভাবে ফেনী শহরের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করানো হয়। পরে শুক্রবার তার অবস্থার অবনতি হলে রাজধানীর গ্রীণ লাইফ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসকদের পর্যব্ষক্ষণে থাকার পর রোববার দুপুর পর্যন্ত সেখানে চিকিৎসাধিন ছিলেন। অবস্থার কোন উন্নতি না হলে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়ে ফেনীতে পাঠিয়ে দেওয়া হয়। স্বজনরা তাকে একই দিন রাত সোয়া আটটার দিকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সাড়ে আটটার দিকে তার মৃত্যু হয়।

স্থানীয় গণমাধ্যমকর্মী ও নুরুল করিম মজুমদারের সহকর্মী আতিয়ার সজল জানান, সোমবার সকাল দশটায় শহরের উকিল পাড়ার নিজ বাসভবনের সামনে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

নুরুল করিম মজুমদার ফেনী প্রেসক্লাবের চারবারের সভাপতি ছিলেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি ফেনী সেন্ট্রাল হাই স্কুল ও পশ্চিম উকিল পাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি ছিলেন। সাংবাদিকতা পেশায় তিনি বাংলাদেশ টেলিভিশন, ডেইলি স্টার ও ইউএনবির ফেনী জেলা প্রতিনিধি ছিলেন।