সিরাজগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত ছাত্রলীগ নেতার মৃত্যু

প্রতিপক্ষের হামলায় আহত সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সম্পাদক এনামুল হক বিজয় (২৩) ৯ দিন লাইফ সাপোর্টে থাকার পর মারা গেছেন।

বিজয়ের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে নেতাকর্মীরা এসএস রোডের দলীয় কার্যালয়ে ছুটে আসে। এক পর্যায়ে তার এ হত্যার প্রতিবাদে সরকারি কলেজ-বাজার স্টেশন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

নিহত বিজয় সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক, জামতৈল সরকারি হাজী কোরপ আলী ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি ও কামারখন্দ উপজেলার চালা শাহবাজপুর গ্রামের বাসিন্দা। তিনি ঢাকার জাতীয় নিউরো সায়েন্স হাসপাতালে ৯ দিন লাইফ সাপোর্টে থাকার পর রবিবার দুপুরে মারা যান।

এ বিষয়ে বিজয়ের বড় ভাই মো. রুবেল জানান, গত ২৬ জুন বিকেলে সদ্য প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম স্মরণে দোয়া মাহফিলের যাওয়ার পথে শহরের বাজার স্টেশন এলাকায় প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালিয়ে মাথায় কুপিয়ে জখম করে। তাকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে প্রথমে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরদিন ২৭ জুন ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে নেওয়া হয়। সেখানেই আইসিইউতে রেখে তাকে চিকিৎসা চলছিল।

এ ঘটনায় তিনি বাদী হয়ে জেলা ছাত্রলীগের দুই সাংগঠনিক সম্পাদকসহ সংগঠনের পাঁচ নেতা-কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪/৫ জনের আসামি করে একটি মামলা দায়ের করেছেন। এ মামলার এজাহারভুক্ত ৪ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এর মধ্যে ছাত্রলীগ নেতা আশিকুর রহমান বিজয়, জাহিদুল ইসলাম ও সাগর কারাগারে রয়েছেন। জামিনে মুক্ত রয়েছেন আরেক সাংগঠনিক সম্পাদক আল-আমিন।

এ ঘটনায় কেন্দ্রীয় ছাত্রলীগ গত ২৮ জুন এ মামলার দুই আসামি জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আল-আমিন ও আরেক সাংগঠনিক সম্পাদক শিহাব আহমেদ জিহাদকে দল থেকে সাময়িক বহিষ্কার করেছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ওসি হাফিজুর রহমান জানান, গত ২৬ জুন হামলার ঘটনার পর থেকেই শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এদিকে ছাত্রলীগ নেতা এনামুল হক বিজয়ের মৃত্যুতে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না এমপি শোক জানিয়েছেন।