সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয় দিয়ে ভুয়া ফেইসবুক আইডি খুলে প্রেম ও বিয়ের প্রস্তাবের অভিযোগে আরিফুল হাসান হৃদয় ওরফে শুভ ওরফে সিফাত (১৮) নামে এক যুবককে গ্রেপ্তারের পর কারাগারে পাঠিয়েছে পুলিশ। গত শনিবার ভুক্তভোগী নারীর বাবার করা মামলায় সিফাতকে গ্রেপ্তার করে খিলক্ষেত থানা পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন জানিয়ে আদালতে হাজির করলে আদালত রিমান্ড মঞ্জুর না করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। গতকাল রবিবার খিলক্ষেত থানার একাধিক পুলিশ কর্মকর্তা দেশ রূপান্তরকে এসব তথ্য জানান।
ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে তারা জানান, সিফাতের বাড়ি বগুড়ার সোনাতলা থানার চরপাড়াহাট গ্রামে। সেখানে অবস্থান করে সিফাত ক্যাপ্টেন পদমর্যাদার র্যাঙ্ক ব্যাজ সংবলিত ছবি দিয়ে ‘সিফাত চৌধুরী (দুষ্ট মুখের মিষ্টি হাসি)’ নামে ফেইসবুক আইডি খোলেন। এরপর ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। ওই তরুণী থাকতেন রাজধানীর খিলক্ষেতের একটি বাসায়। প্রেমের সম্পর্ক চলাকালে তরুণীর বাসায় একাধিকবার যাতায়াত করেন সিফাত। সম্প্রতি বিয়ের কথাবার্তা চূড়ান্ত করার জন্য তরুণীর বাবা-মা সিফাতের সম্পর্কে খোঁজখবর নিয়ে জানতে পারেন, তিনি আসলে ভুয়া ক্যাপ্টেন। এরপর তরুণীর পরিবার সিফাতকে বাসায় আটক করে তার মাকে ফোন করে আসতে বলেন। সিফাতের মা সেখানে না গিয়ে খিলক্ষেত থানা পুলিশের কাছে মৌখিক অভিযোগ দিয়ে জানান, তার ছেলেকে কে বা কারা অপহরণ করে মুক্তিপণ হিসেবে দুই লাখ টাকা দাবি করছে। পরে পুলিশ গত শুক্রবার অভিযান চালিয়ে সিফাতকে উদ্ধার করার পর তার ভুয়া ক্যাপ্টেন পরিচয় ও তরুণীর সঙ্গে সম্পর্কের রহস্য উদঘাটন করে। এরপর গত শনিবার মেয়েটির বাবা মামলা করার পর সিফাতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।