কিশোরগঞ্জের হোসেনপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে নূরে আনিতা আজাদ (৬) নামে এক শিশু নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে নাইমা সুলতানা বীথি (১০) নামে আরেক শিশু। গতকাল রবিবার সকালে উপজেলার সাহেদল ইউনিয়নের গলাচিপা গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। আনিতা উপজেলার বীরপাইকশা গ্রামের মো. আলমগীরের মেয়ে ও নাইমা গলাচিপা গ্রামের উসমান মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গলাচিপা গ্রামের সিরাজুল ইসলামের সঙ্গে প্রতিবেশী নূরুল ইসলামের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে রবিবার সকালে স্থানীয় গলাচিপা বাজারে দু’পক্ষের মধ্যে সালিশও হওয়ার কথা ছিল। এ রকম পরিস্থিতিতে সকাল ৮টার দিকে শ্বশুরবাড়ি বীরপাইকশা গ্রাম থেকে মেয়ে আনিতাকে নিয়ে বাবার বাড়ি পাশের গ্রাম গলাচিপায় বেড়াতে যান শাপলা আক্তার। এরপর মেয়ে ও ছোট বোন নাইমাকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি ফেরার পথে সংঘর্ষের মধ্যে পড়ে যান তিনি। একপর্যায়ে আনিতা ও নাইমাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা আনিতাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে গুরুতর আহত নাইমা বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
হোসেনপুর থানার ওসি শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তদন্ত করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।