নীলফামারীর ডোমারের গোমনাতি ইউনিয়নের পাঙ্গা নদীতে পড়ে নিখোঁজ খালাতো ভাই-বোনের মধ্যে ভাই মনোয়ার হোসেনের (৬) মরদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজের ৪৫ ঘণ্টা পর গতকাল রবিবার সকালে ওই নদীর প্রায় দুই কিলোমিটার ভাটি বামুনিয়া ইউনিয়নের পূর্ব বারবিশা গ্রামে ফান্দুল তেলির ঘাট নামক স্থানে তার ভাসমান মরদেহ পাওয়া যায়।
মনোয়ার হোসেন গোমনাতি ইউনিয়নের উত্তর গোমনাতি গ্রামের মো. সুরুজ্জামানের ছেলে। তবে নিখোঁজ রয়েছে তার খালাতো বোন জোড়াবাড়ি ইউনিয়নের বিএসসি পাড়া গ্রামের গোলাম রব্বানীর মেয়ে মনি আক্তার (৫)।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গত শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে গোমনাতি ইউনিয়নের আমবাড়ি হাটের অদূরে পাঙ্গা নদীর একটি ঝুঁকিপূর্ণ সেতু পারাপার হওয়ার সময় রিকশাভ্যান উল্টে গেলে শিশু মনোয়ার হোসেন ও মনি আক্তার নদীতে পড়ে নিখোঁজ হয়। দাদা মারা গেলে দাফন শেষে তারা ভ্যানযোগে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।