নেত্রকোনার মদন উপজেলায় সেতুর সঙ্গে বাল্কহেডের ধাক্কা লেগে চালক নিখোঁজ রয়েছেন। গতকাল রবিবার সকালে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের দৌলতপুর কালীবাড়ি এলাকার মগড়া নদীতে এ ঘটনা ঘটেছে।
নিখোঁজ চালক আমিনুল (২৮) মদন পৌরসভার মনোহরপুর মহল্লার মৃত সফর উদ্দিনের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, আমিনুল তার বাল্কহেডে বালু পরিবহন করেন। রবিবার ভোরে বালু আনতে নিজ বাড়ি মনোহরপুর থেকে ফতেপুরের উদ্দেশে রওনা দেন। পথে কালীবাড়ি এলাকায় সেতুর সঙ্গে বাল্কহেডের ধাক্কা লেগে আমিনুল নদীতে পড়ে নিখোঁজ হন। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে মদন ফায়ার সার্ভিসে খবর দেন।
মদন ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার আহমেদুল কবির জানান, নিখোঁজ ট্রলারচালককে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।