অনলাইন ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় এবং মাদক ও যৌন উত্তেজক সামগ্রী বিক্রির অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) । তারা হলেন- মো. ফাহিম (২২), মো. আলতাফ মৃধা (২৩) ও হেলাল উদ্দিন (৪৯)।
সোমবার এটিইউর কর্মকর্তা শফিকুল ইসলাম মিল্টন দেশ রূপান্তরকে এ তথ্য জানান। গ্রেপ্তার ব্যক্তিরা অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
তাদের কাছ থেকে নগদ এক লাখ সাড়ে ৬২ হাজার টাকা, মোবাইল ফোন, ৫ হাজার ৪০ পিস ইয়াবা ও বিভিন্ন ধরনের ৫ কেজি নিষিদ্ধ যৌন উত্তেজক জেল ও ১৬ প্রকার ব্যবহার নিষিদ্ধ ‘অ্যাডাল্ট পণ্য’ উদ্ধার করা হয়। তিনজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও বিশেষ ক্ষমতা আইনে গুলশান থানায় দুটি মামলা করা হয়েছে।
তিনি বলেন, গুলশান-২ এলাকা থেকে অনলাইন প্রতারক চক্রের ফাহিম নামে এক হোতাকে রবিবার গ্রেপ্তার করা হয়। সে নরসিংদী সদর এলাকার ভুইয়ুম গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
সে ফাহিম অনলাইন সার্ভিস নামে একটি ফেইসবুক পেজের মাধ্যমে প্রতারণা করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়, মাদকদ্রব্য ও বিভিন্ন নেশা জাতীয় দ্রব্যাদি বিক্রয়সহ আমদানি নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধ বিক্রি করত।
জিজ্ঞাসাবাদে ফাহিম জানায় গাজীপুর জেলার শ্রীপুর থানার ডোয়বাড়ি গ্রামের তোতা মৃধার ছেলে আলতাফ মৃধা ও চাঁদপুর সদর উপজেলার লোধেরগাঁ গ্রামের নূর মিয়া মাস্টারের ছেলে হেলাল উদ্দিনের কাছ থেকে ইয়াবা, যৌন উত্তেজনক ওষুধ ও নেশা জাতীয় দ্রব্যসহ অন্যান্য সংগ্রহ করে সে বিক্রয় করতো। পরে সোমবার আলতাফ ও হেলালকে গ্রেপ্তার করা হয়।